সারাদেশে একদিনে হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৮ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে ৬২ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দুই মাসে দেশে হামের উপসর্গে এবং নিশ্চিত হামে মোট ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে Measles–এ মৃত্যু হয়েছে ৮৮ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৭২ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে ৮ হাজার ৮৩৪ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি ৬৭ হাজার ৭৯ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে হামে ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ২৩৮ জন এবং আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৭৯৪ জন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মে সকাল ৮টা পর্যন্ত এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ