মৌলভীবাজারে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে করে সিলেট-এর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার জেলার ভানুগাছ–শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে ।
ভানুগাছ-শ্রীমঙ্গল রেলপথ দিয়ে সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ট্রেনের খালি ওয়াগন হঠাৎ লাইনচ্যুত হয় বলে জানিয়েছে রেলওয়ে সূত্র। ঘটনার পরপরই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজের জন্য হাইড্রোলিক টুলব্যান পাঠানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ওয়াগনটি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, লাইনচ্যুতির কারণ তদন্ত করে দেখা হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ