| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, দুই দফা সংঘর্ষে আহত ২১

  • আপডেট টাইম: 30-05-2026 ইং
  • 11618 বার পঠিত
ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, দুই দফা সংঘর্ষে আহত ২১

ফরিদপুরের ভাঙ্গায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ও শনিবার সকালে হওয়া এসব সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাতটা এবং শনিবার সকাল আটটার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের বাবলাতলা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ তুলে আকরাম নামের এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম সোহাগের সমর্থকদের সঙ্গে আকরামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটে। প্রথম দফার সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে শনিবার (৩০ মে) সকালে আবারও একই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। স্থানীয়দের দাবি, এসময় কয়েকজনকে মাথায় হেলমেট পরে ঢাল-সরকি হাতে সংঘর্ষে অংশ নিতে দেখা যায়।

চুমুরদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনারউদ্দিন মোল্লা বলেন, শুক্রবার রাতে পুলিশ কয়েক ঘণ্টা এলাকায় অবস্থান করলেও সকালে পুলিশ না থাকায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মো. আক্তার হোসেন জানান, দুই দিনের সংঘর্ষে অন্তত ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে ভর্তি রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, একই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ দুই দফায় সংঘর্ষে জড়িয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪