| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, নেই যানজট ও ভিড়

  • আপডেট টাইম: 31-05-2026 ইং
  • 9132 বার পঠিত
ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, নেই যানজট ও ভিড়

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন রাজধানীমুখী মানুষ। তবে ছুটি শেষে ফিরতি যাত্রায় রাজধানীর প্রবেশপথ ও বাস টার্মিনালগুলোতে আজও তেমন কোনো চাপ বা ভিড় লক্ষ্য করা যায়নি।

সোমবার (১ জুন) থেকে সরকারি ও বেসরকারি অফিস-আদালত খুলছে। এর আগেই ধীরে ধীরে ঢাকায় ফিরছেন গ্রামে ঈদ করতে যাওয়া মানুষ। কিন্তু রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ অনেকটাই কম।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের পরপর সবাই একসঙ্গে না ফেরায় যাত্রীর চাপ এখনো তৈরি হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে মানুষ ঢাকায় ফিরবেন বলে তারা ধারণা করছেন।

যাত্রাবাড়ীর জনপথ মোড়ে বরিশাল থেকে ফেরা বেসরকারি চাকরিজীবী কামাল হোসেন বলেন, ফেরার পথে এবার কোনো ভিড় ছিল না, খুব সহজেই ঢাকায় ফিরতে পেরেছি।

গোপালগঞ্জ থেকে আসা ব্যবসায়ী আনোয়ারুল আলম বলেন, অনেকে এখনও গ্রামে আছেন, তাই চাপ কম। তবে কয়েক দিনের মধ্যেই ভিড় বাড়বে।

সায়েদাবাদ বাস টার্মিনালে বাইক রাইডার এহসান জানান, সকাল থেকে ধীরে ধীরে যাত্রীর সংখ্যা বাড়ছে, তবে এখনো চাপ তৈরি হয়নি।

ফরিদপুর থেকে আসা ব্যবসায়ী রাকিব উদ্দিন বলেন, “রাস্তা ফাঁকা থাকায় দ্রুত ও স্বস্তিতে ঢাকায় ফিরতে পেরেছি।”

অন্যদিকে কুমিল্লা থেকে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শিউলি অক্তার জানান, পরীক্ষার প্রস্তুতির জন্য ঈদের ছুটি শেষে দ্রুত ঢাকায় ফিরেছেন এবং যাত্রাপথে কোনো ভোগান্তি হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, অফিস-আদালত পুরোপুরি চালু হলে এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুললে রাজধানীতে ফিরতি যাত্রীর চাপ উল্লেখযোগ্যভাবে বাড়বে। তখন আবারও ঢাকায় ফিরে আসবে স্বাভাবিক ব্যস্ততা ও যানজটের চিরচেনা চিত্র।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪