মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৩০ মে) রাত থেকে রোববার ভোরের মধ্যে এ ঘটনাগুলো ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় শনিবার রাত ১০টার দিকে গৃহবধূ আমেনা বেগম ও তার দেড় বছর বয়সী ছেলে আসওয়াদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর ঘর থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আমেনার স্বামী সালাম মোল্লা স্থানীয় বাজারের ব্যবসায়ী। ঘটনার সময় তিনি দোকানে ছিলেন। পরে বাড়ি ফেরার পথে তার ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
স্বজনদের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে সালাম মোল্লার ছোট ভাই এই হামলায় জড়িত থাকতে পারেন। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
দৌলতপুর উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, “মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।”
এদিকে একই রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে সজিব (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। তিনি স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, রাত দেড়টার দিকে পূর্বশত্রুতার জেরে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ওই বাড়িতে হামলা চালায়। এ সময় সজিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
শাহীন/ হাফিজ/ আয়না নিউজ