| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরবনে তিন মাসের জন্য প্রবেশ নিষিদ্ধ, ১ জুন থেকে কার্যকর

  • আপডেট টাইম: 31-05-2026 ইং
  • 9093 বার পঠিত
সুন্দরবনে তিন মাসের জন্য প্রবেশ নিষিদ্ধ, ১ জুন থেকে কার্যকর

সাতক্ষীরা প্রতিনিধি : বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল সোমবার (১ জুন) থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ নিষেধাজ্ঞা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ সময় জেলে, বাওয়ালী, মৌয়ালী ও পর্যটক—কেউই বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-এ প্রবেশ করতে পারবেন না।

বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট মাসে সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম চলে। এ সময়ে নদী-খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীর প্রজনন বৃদ্ধি পায় এবং গাছপালার বীজ থেকে নতুন চারা গজায়। তাই পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় প্রতিবছরের মতো এবারও এই তিন মাস বন প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে কোনো ধরনের পাস-পারমিট ইস্যু করা হবে না বলে জানিয়েছে বন বিভাগ। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বনে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বন কর্মকর্তাদের মতে, পর্যটক ও বনজীবীদের নৌযান চলাচলের কারণে বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ ও প্রজনন ব্যাহত হয়। তাই নিরবচ্ছিন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে মাছ, গাছপালা ও বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য আরও সমৃদ্ধ হবে।

এদিকে এই সিদ্ধান্তে চরম দুশ্চিন্তায় পড়েছেন সুন্দরবননির্ভর হাজারো জেলে, মৌয়াল ও বনজীবী। তাদের দাবি, তিন মাস কাজ বন্ধ থাকায় আয়-রোজগার সম্পূর্ণভাবে থেমে যায়। ফলে অনেকে ঋণ করে সংসার চালাতে বাধ্য হন এবং মহাজন ও এনজিওদের কাছ থেকে উচ্চ সুদে ধার নিতে হয়।

বুড়িগোয়ালিনী এলাকার কাঁকড়া জেলে জামাল হোসেন বলেন, “তিন মাস সুন্দরবনে প্রবেশ বন্ধ মানে আমাদের মতো জেলেদের পেটে লাথি মারা।”

অন্যদিকে জেলে আনিসুর বলেন, বন বন্ধ থাকলে তাদের আর্থিক সংকট চরমে পৌঁছায় এবং সুদের ওপর ঋণ নিয়ে সংসার চালাতে হয়।

পর্যটননির্ভর নৌযান মালিক ও শ্রমিকরাও এই সময় কর্মহীন থাকবেন বলে জানান। নীলডুমুর এলাকার ট্রলার মাঝি রিপন গাজী বলেন, নৌযান দীর্ঘ সময় বন্ধ থাকায় অনেক নৌকার ক্ষতি হয় এবং আয় বন্ধ হয়ে যায়।

বন বিভাগ জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে পুনরায় সুন্দরবন সবার জন্য উন্মুক্ত করা হবে। এ সময় জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগ, কোস্ট গার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে নজরদারি চালাবে।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪