গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৩১ মে) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী রিক্তা বেগম (৪৫) গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। সকাল ৭টার দিকে ঠুটিয়াপাকুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা বেগম নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত যাত্রীরা জানান, বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে পানি কম থাকায় অনেকেই শিশুদের নিয়ে দ্রুত বের হতে সক্ষম হন, নাহলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার লোকমান হাকিম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়। নিহত নারীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হাফিজ/ আয়না নিউজ