চোট কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম অথবা দ্বিতীয় ম্যাচেই মাঠে ফিরতে পারেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। এমনটাই জানিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি।
শনিবার (৩০ মে) ব্রাজিলের তেরেসোপলিসের গ্রাঞ্জা কোমারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আনচেলত্তি। তিনি বলেন, নেইমারের পুনর্বাসন দ্রুত এগোচ্ছে এবং বিশ্বকাপ শুরুর আগেই তাকে পুরোপুরি ফিট করে তোলার চেষ্টা চলছে।
এর আগে পায়ের পেশিতে চোট পাওয়ায় বিশ্বকাপ শুরুর আগে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল ৩৪ বছর বয়সি এই ব্রাজিল তারকার। তবে কোচ জানিয়েছেন, ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।
আনচেলত্তি আরও বলেন, আমরা বিশ্বাস করি নেইমার খুব দ্রুতই ফিরে আসবে। যদি উদ্বোধনী ম্যাচে খেলতে না পারে, তাহলে দ্বিতীয় ম্যাচে অবশ্যই তাকে পাওয়া যাবে।
চোটের কারণে পানামা ও মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। রোববার (৩১ মে) মারাকানায় পানামার মুখোমুখি হবে দলটি। এরপর নিউ জার্সিতে বিশ্বকাপ ক্যাম্প শুরু করবে তারা এবং ৬ জুন ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে।
প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকার পর ২৬ সদস্যের বিশ্বকাপ দলে নেইমারের অন্তর্ভুক্তি অনেকের কাছেই বিস্ময় তৈরি করেছে। চোট ও ফর্মজনিত সমস্যায় দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন এই সেলেসাও তারকা।
উল্লেখ্য, ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। তিনি ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল। এটি হবে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।
হাফিজ/ আয়না নিউজ