কুষ্টিয়ার মিরপুরে সেনাসদস্যদের বহনকারী একটি বাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে পাবনা–কুষ্টিয়া মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জিয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ব্র্যাক ব্যাংকের কর্মচারী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রশিক্ষণরত সেনাসদস্যদের বহনকারী একটি ভাড়া করা বাস বগুড়া থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিল। একই সময় খুলনা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক একজন যাত্রীকে মৃত ঘোষণা করেন।
আহত সেনাসদস্যদের মধ্যে অন্তত ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
আহত সেনাসদস্যরা জানান, তারা প্রশিক্ষণরত রিক্রুট। ঈদুল আজহার ছুটিতে বাড়ি গিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ৪২ জন সেনাসদস্য ছিলেন এবং প্রায় সবাই কমবেশি আহত হয়েছেন।
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জসীম উদ্দীন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আহতরা সবাই প্রশিক্ষণরত সেনাসদস্য।
হাফিজ/ আয়না নিউজ