রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের যোগদানের প্রতিবাদে একদল আন্দোলনকারী প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের সামনের সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।
একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন বলে জানা গেছে। তবে আহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা জোরদারে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং আহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
হাফিজ/ আয়না নিউজ