সাতক্ষীরা প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর-এ বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
সোমবার (১ জুন) সকাল থেকেই বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম চালু হয়। এর ফলে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল, পণ্য খালাস, লোড ও আনলোড কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা জানান, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটি শেষে সকাল থেকেই কার্যক্রম পুনরায় চালু করা হয়। এতে ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
মো. আবু মুছা, ভোমরা সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বলেন,ঈদের ছুটি শেষে সোমবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে বন্দরের কার্যক্রম পুরোপুরি গতিশীল হয়ে উঠবে।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ