| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুন হওয়া যুবদল নেতার পরিবারের সঙ্গে বিএনপি নেতা রফিকুল ইসলামের সাক্ষাৎ

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 6459 বার পঠিত
খুন হওয়া যুবদল নেতার পরিবারের সঙ্গে বিএনপি নেতা রফিকুল ইসলামের সাক্ষাৎ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া যুবদল নেতা আমিনুল ইসলাম বাবুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নাচনমহল এলাকায় নিহত আমিনুল ইসলাম বাবুর বাড়িতে যান তিনি। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। পরে তিনি নিহতের কবর জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন।

সাক্ষাৎকালে এমপিকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের পরিবারের সদস্যরা। বিশেষ করে নিহতের বাবা আলমগীর হোসেন কান্নাজড়িত কণ্ঠে ছেলের নৃশংস হত্যার বর্ণনা দেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন। তিনি বলেন, যুবদল নেতাকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে তিনি পুলিশের প্রতি আহ্বান জানান।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ মে দুপুরে নলছিটি উপজেলার কুড়ালিয়া গ্রামের একটি পুকুর থেকে নাচনমহল ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলাম বাবুর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এ ঘটনায় এখনো পর্যন্ত হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন নিহতের স্বজন ও স্থানীয় রাজনৈতিক সহকর্মীরা।

গিয়াস/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪