ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের চূড়ান্ত চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করা হবে।
রোববার ( ২৮ ডিসেম্বর ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই হত্যা মামলার বিচার সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে অনেক তথ্য গোপন রাখা হচ্ছে, যার কারণে এ মুহূর্তে বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেওয়া হবে।
সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিলহান্ট ফেইজ-২’ এর আওতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এ সময়ের মধ্যে সারা দেশে ৯ হাজার ৯৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীগুলো সমন্বয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করছে।
ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।