বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই ব্যক্তি ভারতে পালিয়ে মেঘালয়ে প্রবেশ করেছে—এমন দাবি নাকচ করেছে মেঘালয় রাজ্য পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা জানিয়েছে, এ ধরনের দাবির পক্ষে কোনো তথ্য বা প্রমাণ নেই।
রাজ্যের ইংরেজি সংবাদমাধ্যম মেঘালয় মনিটর–এর প্রতিবেদনে বলা হয়েছে, মেঘালয় পুলিশ জানিয়েছে অভিযুক্তদের রাজ্যের কোনো এলাকায় প্রবেশ, অবস্থান বা গ্রেপ্তারের বিষয়ে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই। এ ছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করা হয়নি বলে জানায় পুলিশ।
বিএসএফের পক্ষ থেকেও একই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। বাহিনীটি জানায়, সংশ্লিষ্ট সীমান্ত দিয়ে ওই দুই ব্যক্তি ভারতে প্রবেশ করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সীমান্ত নজরদারির সময়েও এ ধরনের ঘটনার কোনো রেকর্ড নেই।
মেঘালয় পুলিশ ও বিএসএফ যৌথভাবে বলেছে, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য ছড়ানো বিভ্রান্তিকর এবং জনমনে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। তারা এসব দাবিকে ‘ভুল ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে।
তবে উভয় সংস্থাই জানিয়েছে, যদি যাচাইযোগ্য ও নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়, তাহলে তারা এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।