ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বিকেল পাঁচটার মধ্যে প্রার্থী নিজে অথবা তাঁর প্রস্তাবক কিংবা সমর্থক মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
ইসি সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত মোট ৩ হাজার ১১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ১৬৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আইন অনুযায়ী, দলীয় প্রার্থীদের হলফনামাসহ দলীয় প্রত্যায়ন মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীদের জমা দিতে হবে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশ ভোটারের সমর্থনের তালিকা। তবে এর আগে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন—এমন প্রার্থীদের ক্ষেত্রে এই সমর্থনের তালিকা জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঁচজনের বেশি উপস্থিত থাকা যাবে না। এ ছাড়া মিছিল বা শোডাউন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এ বিষয়ে এক নির্বাচন কমিশনার জানান, শেষ দিনে এসে যদি বড় কোনো রাজনৈতিক দল ভোটের তারিখ অপরিবর্তিত রেখে তফসিলের অন্যান্য তারিখ পরিবর্তনের দাবি তোলে, তাহলে বিষয়টি কমিশন বিবেচনা করতে পারে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।