আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি সময় নেই, হাতে রয়েছে প্রায় ৪৫ দিন। এই সময়ের মধ্যে নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বিজিবিকে প্রশিক্ষণসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। নির্বাচনকে উৎসবমুখর করার ক্ষেত্রে বিজিবির বড় দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আশা প্রকাশ করে বলেন, বিজিবি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।
বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধে বিজিবির সাহসিকতা ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি একটি গৌরবময় ঐতিহ্যের বাহিনী। বর্তমানে বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজিবির উন্নয়নে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, কোনোভাবেই মাদক প্রবেশ করতে দেওয়া যাবে না। চোরাকারবারি বা মাদক পাচারের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে, এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি ‘চেইন অব কমান্ড’-এর প্রতি পূর্ণ আনুগত্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিবি সদস্যরা।
উল্লেখ্য, রাষ্ট্রীয় শোকের কারণে পূর্বনির্ধারিত বিজিবি দিবসের অনুষ্ঠান স্থগিত করা হয়। পরে ২৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজিবি দিবস পালন করা হয়।