সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফন সব পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার জানাজা, দাফন ও নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, জানাজা ও দাফন কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে সভা হয়েছে। বিএনপির সঙ্গে সমন্বয় করে সব কাজ সম্পন্ন হবে।
প্রেস সচিব জানান, বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে আনা হবে। আনার সময় পুরো রাস্তার দু’পাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, বিএনপি নেতারা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন। এছাড়া সংসদ, বাংলাদেশের দূতাবাস ও বিএনপির পার্টি অফিসে শোক বই খোলা হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন, কিছু স্থানে সেনাবাহিনীরও উপস্থিতি থাকবে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপি ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে দোয়া চাইছি।