ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৫১টি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে মনোনয়ন দাখিলের ২৪ ঘণ্টা পার হলেও কোন দল কতজন প্রার্থী দিয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীর সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইসিতে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।