| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জনতার ঢল

  • আপডেট টাইম: 31-12-2025 ইং
  • 146443 বার পঠিত
জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জনতার ঢল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বাদ জোহর দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকা ও আশপাশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

খালেদা জিয়ার প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সুযোগ নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জানাজা উপলক্ষে আজ সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, জানাজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দপ্তরের এক ফেসবুক পোস্টে বলা হয়, জানাজার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে মরদেহবাহী কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া অ্যাভিনিউ জুড়েই জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। দাফন অনুষ্ঠানে পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি অতিথি, কূটনীতিক এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। দাফন নির্বিঘ্ন করতে নির্ধারিত ব্যক্তিদের ছাড়া অন্যদের জিয়া উদ্যানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে, খালেদা জিয়ার মরদেহ বহনের জন্য নির্ধারিত রুট ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ প্রথমে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হবে। পরে সেখান থেকে এয়ারপোর্ট রোড হয়ে জাহাঙ্গীর গেট, বিজয় সরণি অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে জানাজার স্থলে পৌঁছানোর কথা রয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালনকালে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আজ অতিরিক্ত মেট্রোরেল সার্ভিস চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবন, এভারকেয়ার হাসপাতাল ও জিয়া উদ্যান এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। এদিকে, দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার রাত থেকেই রাজধানীতে আসতে শুরু করেছেন। বাস, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত যানবাহনে করে তারা শেষবারের মতো নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় জড়ো হচ্ছেন।

বিএনপি মহাসচিব শোকের এই দিনে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খল আচরণ বজায় রাখার আহবান জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪