সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর, আনুমানিক বেলা ২টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই জানাজা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক সিদ্ধান্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে কফিন রাখা হয়েছে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে জানাজায় অংশ নিতে পারেন, সে জন্য নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও জনসাধারণের অবস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানাজার আনুষ্ঠানিকতা শেষে বিকাল সাড়ে ৩টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। দাফনের সময় মরহুমার পরিবারের সদস্য, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে জিয়া উদ্যান এলাকায় নির্ধারিত ব্যক্তিবর্গ ব্যতীত সাধারণের প্রবেশ সীমিত রাখা হয়েছে। দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগর এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।