রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পাশের একটি গলিতে এ গুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মুছাব্বির ও আবু সুফিয়ান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজিজুর রহমান মুছাব্বিরের মৃত্যু হয়।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্টার কাবাবের পাশের গলিতে দুইজনকে গুলি করা হয়েছে। তাদের মধ্যে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা মোছাব্বির নিহত হয়েছেন। অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
এদিকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈনু মারমা জানান, গুলিবিদ্ধ দুজনের মধ্যে আজিজুর রহমানকে বিআরবি হাসপাতালে এবং আবু সুফিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবু সুফিয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।