ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের ১০৪টি দেশে বসবাসরত ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে বলেন, নিবন্ধিত বাকি প্রবাসী ভোটারদের কাছেও দ্রুততম সময়ে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও জানান, পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সংশ্লিষ্ট ভোটারের দায়িত্ব। কেউ যদি ব্যালটের গোপনীয়তা ভঙ্গ করেন, সে ক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার ব্যবস্থা নেওয়া হতে পারে।
ইসি কর্মকর্তারা জানান, সর্বাধিক পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের কাছে। দেশটিতে ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসী ভোটার ব্যালট পেয়েছেন। এ ছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন এবং কাতারে প্রায় ৭৪ হাজার প্রবাসী ভোটারের কাছে ব্যালট পৌঁছেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে (ইন-কান্ট্রি) নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং বিদেশে অবস্থানরত (আউট অব কান্ট্রি) ভোটার ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।
ইসি সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশের আরও ৫০ হাজার ৭৯০ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরবে ১৭ হাজার, মালয়েশিয়ায় ১১ হাজার ৭৫০ এবং ওমানে ১০ হাজার ২০০ জন প্রবাসী ব্যালট পেয়েছেন।