রাজধানীতে চলমান গ্যাস সংকটের মধ্যেই মিরপুর রোডে একটি গ্যাস ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় নতুন করে তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। এতে ঢাকার একাধিক এলাকায় গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শনিবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ইঞ্চি ব্যাসের একটি গ্যাস ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে গ্যাসের চাপ সীমিত করা হয়েছে।
এর ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ঢাকা মহানগরীতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে, যা নগরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও বৃহস্পতিবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি মেরামত করা হলেও মেরামতের সময় পাইপে পানি প্রবেশ করে। পাশাপাশি গ্যাসের সামগ্রিক সরবরাহ কম থাকায় রাজধানীজুড়ে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ তৈরি হয়েছে।
এ অবস্থায় দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নগরবাসী।