আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বাকি সদস্যরা বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলাটি আজ (১২ জানুয়ারি) ১১ নম্বর কার্যতালিকায় ছিল। সালমান ও আনিসুলের পক্ষের আইনজীবীদের আবেদন অব্যাহতি চেয়ে খারিজ করা হয়। পরে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনা হয়।
সালমান ও আনিসুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয় প্রিজনভ্যানে করে। ৬ জানুয়ারি তাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি চার্জ গঠন না করার আবেদন করেছিলেন এবং একইসঙ্গে অব্যাহতি চেয়েছিলেন। তবে প্রসিকিউশন উভয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের অনুরোধ জানান।
এর আগে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ অভিযোগ আমলে নেয় এবং একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।