ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক কলেজশিক্ষার্থীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)।
এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজে এক ছাত্রী ঢাকার রেডিওকলোনী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন দুইজন যাত্রী ছিলেন। ওই যাত্রীরা নামার পর কলেজছাত্রীকে জোর করে আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় গ্রেফতারকৃতরা। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই ছাত্রীকে রাতভর পালাক্রমে ধর্ষণ ও ভিডিও ধারণ করে তারা।
এই ঘটনায় টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে গ্রেফতারকৃত আসামি ও ভিকটমকে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ মে রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানীরও ঘটনার অভিযোগ ওঠে।