| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে বিচার শুরু

  • আপডেট টাইম: 19-01-2026 ইং
  • 131672 বার পঠিত
আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে বিচার শুরু

চট্টগ্রামের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এ আদেশ দেন। এদিন কারাগারে আটক চিন্ময় দাসসহ গ্রেপ্তারকৃত আসামিদের কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, গত ১৪ জানুয়ারি মামলার প্রথম ধার্য তারিখে নথিপত্র পর্যালোচনা শেষে চার্জগঠনের জন্য ১৯ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়। নির্ধারিত দিনে শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন।

অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর তিনি দীর্ঘ সময় এজলাসে অবস্থান করেন। পরে অনুসারীদের দ্বারা বেষ্টিত অবস্থায় আদালত প্রাঙ্গণে থাকা প্রিজন ভ্যানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার ফলে ভাঙচুর, সাম্প্রদায়িক উত্তেজনা এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। একই সঙ্গে আসামিকে ছিনিয়ে নেওয়ারও অপচেষ্টা করা হয়।

একই অপরাধী উদ্দেশ্য বাস্তবায়নের অংশ হিসেবে আদালতের প্রবেশপথে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ধারালো অস্ত্র, লাঠি, রড ও পাথর দিয়ে তাকে নির্মমভাবে আঘাত করা হয়। তার শরীরে মোট ২৬টি আঘাতের চিহ্ন পাওয়া যায়, যার মধ্যে ঘাড়ে ধারালো অস্ত্রের দুটি গভীর কোপ ছিল। একটি পা ভেঙে দেওয়া হয় এবং শরীরজুড়ে কালশিটে দাগ সৃষ্টি করা হয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তদন্তকালে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি, জব্দকৃত আলামত, সুরতহাল প্রতিবেদন, ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট এবং ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ একাধিক অকাট্য প্রমাণ সংগ্রহ করা হয়। মামলায় মোট ৩৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৩ জন গ্রেপ্তার এবং ১৬ জন পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ নভেম্বর দিবাগত রাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এজাহারে প্রথমে ৩১ জনের নাম উল্লেখ করা হয়। পরে তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। এতে তিনজনকে অব্যাহতির আবেদন করা হয় এবং নতুন করে চিন্ময় কৃষ্ণ দাসসহ আরও ১০ জনকে যুক্ত করে আসামির সংখ্যা বাড়ানো হয়। গত বছরের ২৫ আগস্ট আদালত চার্জশিট গ্রহণ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪