| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিহত র‍্যাব কর্মকর্তার জানাজা দুপুরে, উপস্থিত থাকবেন ডিজি

  • আপডেট টাইম: 20-01-2026 ইং
  • 131185 বার পঠিত
নিহত র‍্যাব কর্মকর্তার জানাজা দুপুরে, উপস্থিত থাকবেন ডিজি

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরে নিহত র‍্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। জানাজায় র‍্যাব ফোর্সের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান উপস্থিত থাকার কথা রয়েছে। চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব হোসেন বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন।

পুলিশ, র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ইয়াসিনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় একটি বিএনপি কার্যালয় উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষ্যে সেখানে বিপুলসংখ্যক লোকজন জড়ো হয়। এদিকে র‍্যাবের সোর্স মনা র‍্যাবকে জানান, ওই উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াসিন উপস্থিত থাকবেন। এই তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা কোম্পানি থেকে একটি দল সেখানে অভিযান পরিচালনার জন্য যায়।

বিকেল পৌনে চারটার দিকে অভিযানে যাওয়া র‍্যাব সদস্যদের ওপর ইয়াসিন গ্রুপের অনুসারীরা হামলা চালায়। একপর্যায়ে র‍্যাবের চার সদস্য ও সোর্স মনাকে আটকে রাখা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে র‍্যাবের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান।

খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে এবং স্থানীয় একটি পক্ষের সহায়তা নেয়। পরে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪