| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ ভোট:

২৯৮ আসনে ১,৯৬৭ প্রার্থী, চলছে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম: 21-01-2026 ইং
  • 126148 বার পঠিত
২৯৮ আসনে ১,৯৬৭ প্রার্থী, চলছে প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দেশের ২৯৮টি আসনের রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন।

প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক সংগ্রহ করছেন। রাজধানী ঢাকার ২০টি আসনে এবার লড়ছেন মোট ১৩৭ জন প্রার্থী। এর মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসন বাদে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত মোট ১৩টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। সকালে কার্যক্রম শুরুর পর প্রথমেই ঢাকা-৪ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে ওই আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা তাদের প্রতীক পেয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ২৯৮টি আসনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। পাশাপাশি শতাধিক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। জোটভিত্তিকভাবেও একাধিক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে পাবনা-১ ও পাবনা-২ আসনের ক্ষেত্রে নতুন তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৬ জানুয়ারি পর্যন্ত।

এর আগে গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই শেষে ৭২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করেন। শুনানি শেষে ৪৩১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।

প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত প্রচারণা চালানো যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গণভোট ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪