বিচার ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে দেশের আরও আট জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) সেবা উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, ই-বেইলবন্ড চালুর আগে জামিন পেতে আসামিদের ১০ থেকে ১২টি ধাপ পার হতে হতো। এতে সময় ও অর্থ—দুটোই ব্যয় হতো এবং ভোগান্তি ছিল ব্যাপক। অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। অনলাইনে এই প্রক্রিয়া চালু হওয়ায় কে কখন সই করলেন তার পূর্ণ রেকর্ড থাকবে, ফলে ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া দীর্ঘায়িত করার সুযোগ থাকবে না।
তিনি আরও জানান, ডিজিটাল বেইলবন্ডের মাধ্যমে একজন বন্দিকে খুব দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হবে। অনলাইনে জামিননামা দাখিলের ফলে এক ঘণ্টার মধ্যেই আসামির মুক্তি নিশ্চিত করা যাবে।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘব এবং বিচার ব্যবস্থাকে আরও দক্ষ ও স্বচ্ছ করতে প্রচলিত বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু হয়ে সফলভাবে চলছে। এর ধারাবাহিকতায় বুধবার মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এ সেবা চালু হলো।