| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন পে-স্কেলে সর্বনিম্ন বেতন বাড়ছে প্রায় আড়াই গুণ

  • আপডেট টাইম: 21-01-2026 ইং
  • 126045 বার পঠিত
নতুন পে-স্কেলে সর্বনিম্ন বেতন বাড়ছে প্রায় আড়াই গুণ

সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন প্রায় আড়াই গুণ বাড়িয়ে ২০ হাজার ২৫০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে বেতন কমিশন। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা। একই সঙ্গে সর্বোচ্চ ধাপের বেতন দেড় গুণ বাড়িয়ে ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

জানা গেছে, দায়িত্ব গ্রহণের প্রায় দেড় বছর পর অন্তর্বর্তী সরকার ধসে পড়া অর্থনীতিতে গতি ফেরাতে আর্থিক খাত সংস্কার, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আয়-বৈষম্য কমানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এরই অংশ হিসেবে গত জুলাই মাসে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্গঠনের জন্য পে-কমিশন গঠন করা হয়।

প্রায় ছয় মাসের কাজ শেষে কমিশন বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত হবে ১:৮। পুরো বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় ৮০ হাজার কোটি টাকা।

নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করার দায়িত্ব থাকবে পরবর্তী রাজনৈতিক সরকারের ওপর। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন—এই কাঠামো বাস্তবায়িত হলে সবাই খুশি হবে।

এদিকে, চলতি জানুয়ারি মাস থেকেই আংশিকভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সরকার আশা করছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪