আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, “এবার ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে বলে বৈঠকে জানানো হয়েছে। অনেক সময় ভোট গণনা বিলম্বিত হলে গুজব ছড়ায়। সে বিষয়টি আগেই জানিয়ে রাখা হচ্ছে।”
তিনি বলেন, এবার শুধু নির্বাচন নয়, একই সঙ্গে একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। ফলে দুই ধরনের ভোট একসঙ্গে গণনা করতে হবে। এর পাশাপাশি রয়েছে পোস্টাল ব্যালট। এসব কারণে কিছু কিছু ক্ষেত্রে ভোট গণনায় সময় বেশি লাগতে পারে।”
প্রেস সচিব আরও বলেন, “এ বছর নির্বাচনে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাই ভোট গণনা যেন অত্যন্ত স্বচ্ছ ও নির্ভুলভাবে হয়। সে কারণে কিছুটা বিলম্ব হতে পারে।
তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হবে।
নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে শফিকুল আলম বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা নিরসন হয়েছে। ফলে সব মিলিয়ে ৩০০ আসনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।