| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতীক বরাদ্দে কোনো জটিলতা নেই: ঢাকা বিভাগীয় কমিশনার

  • আপডেট টাইম: 21-01-2026 ইং
  • 126032 বার পঠিত
প্রতীক বরাদ্দে কোনো জটিলতা নেই: ঢাকা বিভাগীয় কমিশনার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রমে এখন পর্যন্ত কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতীক বরাদ্দের কাজ এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব আসনের প্রতীক বরাদ্দ সম্পন্ন করা সম্ভব হবে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, আজ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়েছে। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে সহযোগিতাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে, যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।

ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ পাওয়া যাচ্ছে। প্রতীক বরাদ্দসহ সার্বিক নির্বাচন প্রক্রিয়ায় সবাই নির্বাচন আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন। নির্বাচনের প্রতিটি ধাপে এ সহযোগিতা অব্যাহত থাকলে একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, এবারের জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ভোটারদের সচেতন করতে প্রার্থীদের বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। নির্বাচনি প্রচারণার সময় গণভোটের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরতে বলা হয়েছে, যাতে ভোটাররা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে বিভাগীয় কমিশনার জানান, আগামীকাল থেকে পোস্টাল ব্যালট গ্রহণ কার্যক্রম শুরু হবে। এ জন্য ঢাকা বিভাগের ১৩টি আসনে আলাদা ব্যালট বক্স স্থাপন করা হবে। প্রার্থীদের প্রতিনিধি ও গণমাধ্যমের উপস্থিতিতে প্রতিদিন সকাল ৯টা থেকে এই কার্যক্রম চলবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রার্থীদের উদ্বেগের বিষয়ে তিনি বলেন, অধিকাংশ প্রার্থী নিরাপদ ও নির্ভয়ে নির্বাচনি প্রচারণা চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে নেওয়া প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বড় ধরনের কোনো ঝুঁকির আশঙ্কা নেই।


এক প্রশ্নের জবাবে তিনি জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করা হলেও তার দেওয়া জবাব সন্তোষজনক হওয়ায় এ বিষয়ে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এলে লিখিতভাবে পেলে তা নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান তিনি।

মনোনয়ন প্রত্যাহারের পর ঢাকা বিভাগের ১৩টি আসনে বর্তমানে মোট প্রার্থী সংখ্যা ১৩৭ জন বলে জানান বিভাগীয় কমিশনার। তবে হাইকোর্টের একটি আদেশের কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসন তাদের দায়িত্ব অনুযায়ী সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪