সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল। ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ দিনে ফাইনালে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।
এই ঐতিহাসিক সাফল্যে জাতীয় নারী ফুটসাল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের।
প্রধান উপদেষ্টা আরও বলেন, এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ। তিনি বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বার্তায় তিনি উল্লেখ করেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
এছাড়া ভবিষ্যতেও বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন প্রধান উপদেষ্টা।