ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার ( ২৬ জানুয়ারি ) ঢাকার সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্ব প্রদর্শনের জন্য বাহিনীকে ধন্যবাদ জানান।
সভায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীকে নির্বাচনকে অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান। এছাড়াও সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।