স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারা প্রশাসনে নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। তিনি বলেন, কারাগারে বন্দিদের মৌলিক মানবাধিকার সংরক্ষণপূর্বক তাদের সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফেরানো রাষ্ট্রের দায়িত্ব।
মঙ্গলবার ( ২৭ জানুয়ারি ) সকালে কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কারা বন্দিদের প্রতি মানবিক আচরণ, ন্যায্য সুযোগ-সুবিধা, বৈষম্যহীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ কেবল আইনগত বাধ্যবাধকতা নয়, এটি রাষ্ট্রের নৈতিক অবস্থার প্রতিফলন। তাই কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, কারাগার ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি অপরাধ দমন, অপরাধীর সংশোধন এবং সামাজিক পুনর্বাসনের মাধ্যমে রাষ্ট্রের বিচার ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হিসেবে কাজ করে। তাই বৈষম্যহীন, স্বচ্ছ ও জবাবদিহি মূলক কারা প্রশাসনের জন্য প্রশিক্ষিত ও মানবিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন কারারক্ষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন প্রশিক্ষণার্থীদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের কারা প্রশাসনকে আরও শক্তিশালী করতে উৎসাহিত করেন।