| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের: ফাওজুল কবির

  • আপডেট টাইম: 27-01-2026 ইং
  • 122635 বার পঠিত
নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের: ফাওজুল কবির

প্রায় এক দশক পর সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব স্তরেই বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও এই সুপারিশ বাস্তবায়নের সুযোগ অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ফাওজুল কবির বলেন, “পে কমিশন শুধু একটি রিপোর্ট দিয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। সরকার একটি কমিটি করেছে সুপারিশগুলো পর্যালোচনার জন্য। সাধারণত পে কমিশনের সুপারিশ একবারে বাস্তবায়ন হয় না, ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়। এই রিপোর্ট আগামী সরকারের জন্য সহায়ক হবে।”

তিনি আরও বলেন, পে কমিশনের রিপোর্টের কারণে বাজারে পণ্যমূল্যের ওপর কোনো প্রভাব পড়ার সুযোগ নেই, কারণ সরকার এখনই এটি বাস্তবায়ন করছে না।

ডিফেন্স জোন প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা জানান, সেনা, নৌ ও বিমানবাহিনী সমরাস্ত্র ব্যবহার করে বলে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এ ক্ষেত্রে শুধু জমি বরাদ্দ দেওয়া হচ্ছে।

চীন ও পাকিস্তান থেকে যুদ্ধবিমান বা ড্রোন কেনার বিষয়ে কোনো তথ্য জানা নেই বলেও জানান তিনি।

ক্রিকেট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ফাওজুল কবির বলেন, “বাংলাদেশ ক্রিকেট নিয়ে কোনো অনৈতিক কিছু করেনি। আমরা কেবল বিকল্প ভেন্যু চেয়েছি। ভারত দীর্ঘদিন পাকিস্তানে খেলেনি। আমরা তো বিশ্বকাপ খেলতে চাই।”

বর্তমানে ২০১৫ সালের বেতনকাঠামো অনুযায়ী প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন। গত ১০ বছরে নতুন পে-স্কেল না হওয়ায় বিভিন্ন সময় সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে গত বছরের জুলাই মাসে অন্তর্বর্তী সরকার একটি পে কমিশন গঠন করে।

গত ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে বেতন কমিশনের প্রতিবেদন জমা দেয় সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের কমিশন। প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়।

কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রেড সংখ্যা আগের মতোই ২০টি রাখা হয়েছে। এতে সর্বনিম্ন ২০তম গ্রেডে মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪