অলিম্পিকের অন্যতম ডিসিপ্লিন আরচ্যারি। বাংলাদেশ টানা দুই বার অলিম্পিকে সরাসরি আরচ্যারি ডিসিপ্লিনে খেলেছে। মাঠের মতো মাঠের বাইরেও আরচ্যারিতে এগিয়ে থাকা বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনকে আড়াই কোটি টাকা অনুদান দিয়েছে কাতার অলিম্পিক কমিটি। এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের অধীন সংস্থাটি এ অনুদান পেয়েছে।
এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি চপল কাতার অলিম্পিক কমিটির সভাপতি শেখ জোয়াদ বিন হামাদ আল থানির কাছ থেকে আর্থিক অনুদান পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার নবনির্বাচিত সভাপতি উজবেকিস্তানের কংগ্রেসে এশিয়ান আরচ্যারির পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। সম্প্রতি কাতার সফরে তিনি এশিয়ান আরচ্যারি ফেডারেশনকে ২ লাখ ৭ হাজার ডলার অনুদান দিয়েছেন। যা এশিয়ান আরচ্যারির প্রশাসনিক ও উন্নয়ন খাতে ব্যয় হবে।’
এতদিন কোরিয়ানদের অধীনে ছিল এশিয়ান আরচ্যারির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এশিয়ান আরচ্যারির কার্যালয়। কোরিয়ান প্রার্থীকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের চপল। এশিয়ান আরচ্যারির সাধারণ সম্পাদক কাতার থেকে মনোনীত হওয়ায় কাতারের দোহা ও ঢাকা উভয় জায়গায় এশিয়ান আরচ্যারি কার্যালয় থাকছে। কাতার অলিম্পিকের সভাপতি শেখ জোয়াদ এশিয়ান আরচ্যারি ফেডারেশনকে আর্থিকের পাশাপাশি টেকনিক্যালও সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।