৪২ বলে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে প্রত্যাশিতভাবে ম্যাচসেরা সাঞ্জু স্যামসন পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মুখে বললেন, জসপ্রীত বুমরাহর কারণেই পুরস্কার মঞ্চে দাঁড়াতে পেরেছেন। প্রথমবার ফাইনাল খেলার রোমাঞ্চকর অনুভূতি,দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের নায়ক হয়ে গর্বে বুক ফুলে যাওয়া স্যামসনের পা কিন্তু মাটিতে।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ভারত ৭ উইকেটে ২৫৩ রান করলেও ভারতের রানপাহাড়কে নাগালের মধ্যে নিয়ে এসেছিল ইংল্যান্ড। তবে শেষ দিকে দারুণ দুটি ওভার করে বুমরাহ লাগাম টেনে ধরায় ইংল্যান্ডকে থামতে হয় ২৪৬ রানে। সাত রানের জয়ের পর বুমরাহর চমৎকার বোলিংকে কৃতিত্ব দিয়ে স্যামসন বললেন, ‘সব কৃতিত্ব বুমরাহর। আমি মনে করি সে একজন বিশ্বমানের বোলার, এক প্রজন্মের সত্যিকারের খেলোয়াড়। আজ আমার মতে এই পুরস্কার আসলে তার পাওয়া উচিত।’
বুমরাহ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে ৭ রানে আউট করে প্রথম বলে উইকেট পাওয়ার পর ডেথে আরও কঠিন দায়িত্ব চাপে। ১৬ ও ১৮তম ওভারে বল হাতে নিয়ে মাত্র ১৪ রান দিয়ে ভারতের দিকে ম্যাচ টেনে আনেন তিনি। মারমুখী ব্যাটার জ্যাকব বেথেলে বুমরাহর ১৩ বলে মাত্র ১৭ রান করেন।
নিজের ইনিংসের চেয়ে ডেথে এই পেসারের দুর্দান্ত বোলিংকেই জয়ের নেপথ্য কারণ উল্লেখ করে স্যামসন বলেন, ‘আমরা যদি ডেথ ওভারে এমন বোলিং না করতাম, তাহলে এখানে থাকতে পারতাম না। সব কৃতিত্বের দাবিদার বোলাররা বিশেষ করে এরকম কঠিন কন্ডিশনে।’
আগামী রোববার আহমেদাবাদে ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচ নিয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘এটা অবিশ্বাস্য অনুভূতি যে ভারতের আহমেদাবাদে ফাইনাল খেলতে যাচ্ছি। এমন চমৎকার একটা দলকে নেতৃত্ব দেওয়া এবং ভারতে বিশ্বকাপ, সত্যিই দারুণ।