টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্টে পরিবর্তন অব্যাহত রেখে নাভিদ আকরাম চিমাকে অপসারণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের অ্যাওয়ে ওয়ানডে সিরিজে ক্রিকেট টিমের ম্যানেজারকে অব্যাহতি দিয়েছে পিসিবি।
পাকিস্তানের টিম ম্যানেজার হিসেবে কয়েক দফা কাজ করা চিমা গত বছর টি-টোয়েন্টি এশিয়া কাপে দায়িত্বে থাকার সময় পাকিস্তানের সঙ্গে ভারতের হ্যান্ডশেক না করা নিয়ে বিতর্ক শুরু হয়। তাকে বাংলাদেশ সফর থেকে বাদ দিয়ে স্থলাভিষিক্ত করা হয়েছে ইরতাজা কুমাইলকে। ১৮তম গ্রেডের এই পুলিশ কর্মকর্তা দুই বছর আগে ক্রিকেট বোর্ডে যোগ দিয়ে জাতীয় দলের নিরাপত্তা ম্যানেজার হিসেবে কাজ করেছেন।
কুমাইলের নিয়োগে তার জায়গায় নিরাপত্তা কর্মকর্তা হচ্ছেন সালমান লিয়াকত। পিসিবি আরও জানিয়েছে, ৮ মার্চ থেকে শুরু হওয়া এই সিরজে দলের বিদেশি কোচিং স্টাফরা সরাসরি ঢাকায় স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশ সফরের আগে জাতীয় দল দুই দিনের একটি ট্রেনিং ক্যাম্প করবে বলেও জানা গেছে।