আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে মাঠে নামছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট শেষ হওয়ার পর বিশ্রামের সুযোগ না পেয়েই প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছেন তারা।
শনিবার ( ৭ মার্চ ) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে বেলা ২টা ১৫ মিনিটে। এই ম্যাচে একদিকে থাকবেন জাতীয় দলের ক্রিকেটাররা, অন্যদিকে খেলবেন বিসিএলে দারুণ পারফর্ম করা খেলোয়াড়দের নিয়ে গড়া বিসিএল অল স্টারস দল।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার লক্ষ্যেই এই প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হয়েছে।
বিসিএল অল স্টারস দল:
আকবর আলী (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম, পারভেজ হোসেন, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, তানভীর ইসলাম, রিপন মণ্ডল, খালেদ আহমেদ, আবদুল গাফফার, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম ও নাঈম হাসান।
এই ম্যাচ শেষেই পাকিস্তান সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতিতে নামবে বাংলাদেশ দল। আগামী ১১ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ, একই ভেন্যুতে।