টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রীতিমতো ঝড় তুলেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে তিন ফিফটির সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৫৫ রান ভারতের আর তাতেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছে স্যামসন-অভিষেকরা। এবারের বিশ্বকাপে যা দ্বিতীয় সর্বোচ্চ। প্রথমটিও ভারতের।
কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার আহমেদাবাদে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানালে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার দেখে-শুনে খেলেন ভারতের দুই ওপেনার। এরপর কিউই বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। একের পর এক চার-ছক্কায় প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৯২ রান পেয়ে যায় ভারত। মাত্র ১৮ বলেই ফিফটি তোলা অভিষেক শর্মা ২১ বলে ৫১ রান করে আউট হন।
দ্বিতীয় উইকেটে খেলতে নামা ইশান কিষাণকে নিয়েই ব্যাট হাতে ক্রিজে তাণ্ডব চালাতে থাকেন স্যামসন। ফিফটি পূরণের পর সেঞ্চুরি পথে হাঁটলেও আগের দুই ম্যাচের মতো এবারও শতকের দেখা না পেয়ে ৪৬ বলে পাঁচটি চার ও আটটি ছয়ে ৮৯ রানে আউট হন।
এদিকে চারটি করে চার ও ছক্কায় মাত্র ২৫ বলে ৫৪ রান করে আউট হন ইশান কিষাণও। তবে দলনেতা সূর্যকুমার যাদব প্রথম বলেই কোনো রান না করে সাজঘরের পথ ধরেন। ১৩ বলে ১৮ রান করে ফেরেন হার্দিক পান্ডিয়া। শেষদিকে ঝড়ো ব্যাটিং করেন শিবম দুবে। মাত্র ৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন এই বাঁহাতি পেসার। আর ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন তিলক ভার্মা।
নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার জেমস নিশাম। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট নেন।