সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এ বছর ঈদুল ফিতরের নামাজ মসজিদের ভেতরে আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির ইসলামিক বিষয়াবলি, ওয়াক্ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে, খোলা মাঠ বা উন্মুক্ত ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।
কর্তৃপক্ষ জানায়, এই সিদ্ধান্ত সারা দেশে কার্যকর হবে এবং প্রথাগতভাবে উন্মুক্ত স্থানে ঈদের জামাত আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নামাজের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জননিরাপত্তা বজায় রাখার স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কারণে মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায় করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর ঈদুল ফিতরের নামাজ সাধারণত খোলা মাঠ বা ঈদগাহে বৃহৎ জামাতে আদায় করা হয়। তবে এ বছর ভিন্ন পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে।