গাইবান্ধার সাঘাটায় ঝড়ের সময় বজ্রপাতে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই গ্রামের সুনীল চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। ঘটনার দিন বিকেলে আকাশে মেঘ দেখে তিনি বাড়ির পাশে জমিতে শুকাতে দেওয়া গাছের পাতা কুড়াতে যান। পরে তাকে সাহায্য করতে তার মা কল্পনা রানীও সেখানে যান।
এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনই ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এমন আকস্মিক মৃত্যু সবাইকে হতবাক করে দিয়েছে।
ভরতখালী ইউনিয়ন পরিষদের সদস্য শাহীন আলম বলেন, বজ্রপাতে মা-ছেলের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পুরো এলাকায় শোক বিরাজ করছে।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সরকারি নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।
হাফিজ/ আয়না নিউজ