গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে মাদকাসক্ত ছেলের হাতে নিজ বাসভবন পুড়ে ছাই হয়ে গেল। বুধবার (১৮ মার্চ) ভোরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেয়ে তার বিধবা মা হেনয়ারা বেগমকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, শহিদুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করছে এবং প্রায় সময় মাদকের জন্য তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। ঘটনার রাতে টাকা না পেয়ে শহিদুল ভোরে মা ও ঘর উভয়কেই হুমকির মুখে ফেলে। আশপাশের মানুষ আগুন নেভানোর চেষ্টা করার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
হেনয়ারা বেগম বলেন, আমার বড় ছেলে ওলিউল্লাহ কাজের জন্য ভারতে গিয়েছিল এবং ১০ বছর ধরে নিখোঁজ। স্বামী ৬ মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ছোট ছেলে মাদকাসক্ত, প্রতিনিয়ত আমার কাছে টাকা চায়। আমি এখন একেবারেই অসহায়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ জানান, এ পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসে নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।