সুনামগঞ্জ, ময়মনসিংহ ও রংপুরে বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জে ৫ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন। দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে সুনামগঞ্জে কৃষকরা হাওরে ধান কাটার সময় তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রাঘাতে আবুল কালাম গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বজ্রপাতে কৃষক আবুল কালাম ছাড়াও একই সময়ে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে চানপুর গ্রামের বাসিন্দা কৃষক নাজমুল হোসেন (২৬) নিহত হন। এছাড়া হাওরে ধান কাটার সময় ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ (১৩) ও দিরাই উপজেলার লিটন মিয়ার (৩৮) বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী।
আরও পড়ুন-
কিংবদন্তি বাউল কানাই দাস পরপারে
ধর্মপাশা উপজেলায় পৃথক দুটি ঘটনায় জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দা রহমত উল্লাহ এবং পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের বাসিন্দা এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান নিহত হন। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যাহ জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দিরাই উপজেলার কালিয়াগোটা (আতরার) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক লিটন মিয়া গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন ।
এফএ/ আয়না