ভারতীয় বাউল সংগীতের প্রখ্যাত সাধক-শিল্পী কানাই দাস আর নেই। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভোগা এই কিংবদন্তি বাউল শিল্পী শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্মাতা রঞ্জন পালিত বাউল কানাই দাসের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।
এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া কানাই দাস ছোটবেলা থেকেই ছিলেন দৃষ্টিহীন। তাঁর দীর্ঘদিনের সঙ্গী হাঁপানি ও ডায়াবেটিসজনিত সমস্যার সঙ্গে গত দুই মাস ধরে যুক্ত হয়েছিলো যক্ষ্মা। তবে এতো প্রতিকূলতা থামাতে পারেনি তাঁকে। বাউল কানাই দাস একতারা হাতে গ্রাম থেকে গ্রাম, মেলা থেকে আখড়া সবখানে ছড়িয়ে দিয়েছেন তার সুরের মায়া। তাঁর কণ্ঠ ও দর্শন মানুষের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে।
আরও পড়ুন-
তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ছিল : মাহদী আমিন
তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এবং ‘কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার’ শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। ২০১৯ সালে তিনি ‘সহজিয়া সম্মান’-এ ভূষিত হন এ কিংবদন্তি। এ ছাড়া প্রখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তাঁর আলোচিত বই নাইন লাইভস-এ ‘দ্য সংস অব দ্য ব্লাইন্ড মিনস্ট্রেল’ শিরোনামে একটি অধ্যায় উৎসর্গ করেন এই বাউল শিল্পীকে। বাংলা লোকসংগীতের এই উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত-শ্রোতাদের মাঝে।
এফএ/ আয়না