চট্টগ্রাম নগরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কোতোয়ালি থানার টেরিবাজারে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ‘কেবি অর্কিড প্লাজা’ মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)। তাদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে মার্কেটের চতুর্থ তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই মার্কেটের ভেতরে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ ও আগুন নির্বাপন শুরু করে।
প্রায় এক ঘণ্টারও বেশি চেষ্টার পর সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই সময় ইউনুস, সোলাইমান এবং আরও একজন গুরুতর দগ্ধ হন। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান বলেন, “তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়া মাত্রই উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজ শুরু করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক নুরুল আলম আশিক জানান, টেরিবাজার এলাকায় আগুনের ঘটনায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।