মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ভিন্নতার কারণে এ বছরও ঈদুল ফিতর উদযাপনের তারিখে পার্থক্য দেখা যাচ্ছে। ইতোমধ্যে আফগানিস্তান, নাইজার ও মালি—এই তিন দেশে বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
প্রতি বছরই রমজান মাসের ২৯তম দিনের সন্ধ্যায় সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটিগুলো শাওয়ালের চাঁদ অনুসন্ধান করে। চাঁদ দেখা যাওয়ার ওপর নির্ভর করেই রোজার সমাপ্তি এবং ঈদের দিন নির্ধারণ করা হয়। ফলে ধর্মপ্রাণ মুসলমানরা অধীর আগ্রহে এই ঘোষণার অপেক্ষায় থাকেন।
এদিকে বিভিন্ন দেশের ঘোষণার ভিত্তিতে জানা গেছে, আগামী শুক্রবার (২০ মার্চ) বিশ্বের অন্তত ২৩টি দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। এসব দেশের মধ্যে রয়েছে মালদ্বীপ, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ, পাশাপাশি কানাডাও।
অন্যদিকে বাংলাদেশসহ আরও ২৭টি দেশে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার চেষ্টা করা হবে। এই তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, মিশরসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ।
এসব দেশে আজ মাগরিবের পর চাঁদ দেখা গেলে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপিত হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ করে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে।
চাঁদ দেখার এই ভিন্নতার কারণে প্রতি বছরই মুসলিম বিশ্বে ভিন্ন দিনে ঈদ উদযাপিত হলেও, উৎসবের আনন্দ ও তাৎপর্য সব দেশেই সমানভাবে উদযাপিত হয়।