রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রেনের ছাদে থাকা এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কালিকাপুর রেল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী একটি লোকাল (শাটল) ট্রেন কালিকাপুর রেল ব্রিজের কাছে পৌঁছালে ট্রেনের ছাদে থাকা ওই যুবক ব্রিজের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হয়ে ট্রেনের ছাদেই পড়ে থাকেন।
পরে ট্রেনটি দুপুর ২টা ৩৮ মিনিটে কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রায় ১২ মিনিট ট্রেন চলাচল বিঘ্নিত হয়।
কালুখালী জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রতন সেন জানান, ট্রেনটি স্টেশনে ঢোকার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি নামিয়ে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং ট্রেনের ছাদে ভ্রমণের ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।