মাদারীপুরের রাজৈরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ভোর ৬টায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে দূরদুরান্তের যাত্রীরা। পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনায় আহত হয়েছেন ভোলার সিরাজ মাঝি (৩০) ও তার আড়াই বছর বয়সী ছেলে মেহেদী হাসান, মুন্নি (২০), বিল্লাল (২০), পটুয়াখালীর তরিকুল (১০), রাসেল (৩৩), নুপুর (৩০) ও আল-আমিন (৪৮)।
পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে পিকআপে করে বাসাবাড়ির মালামাল নিয়ে পরিবারটি বরিশাল যাওয়ার পথে রাজৈর বাসস্ট্যান্ডের কাছাকাছি আসলে অপরদিক থেকে আসা লাকড়ি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে দুই শিশুসহ আহত হয়েছে অন্তত ৮ জন।
দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাক ফেলে পালিয়ে গেলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখান থেকে তাদের বরিশাল মেডিকেলে প্রেরণ করা হয়।
মস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ জানান,পুলিশ পাঠিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।